নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানের সময় হাতে পিস্তল নিয়ে লোকজনকে ধাওয়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোকের পেছনে ছুটতে দেখা যায় তাঁকে।
একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে লোকজনের দিকে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করেন তিনি। ভিডিওতে সাদা পোশাকের আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করতে দেখা যায়।
ঘটনাটি রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঘটেছে বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনা পর্যালোচনা না করে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার (ডিসি) বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।
মাদকবিরোধী অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না, এমন প্রশ্নে ডিবিপ্রধান কোনো মন্তব্য করেননি।
এদিকে শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। পোস্টে তিনি বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ এ কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় আগেও মাদকবিরোধী অভিযান চালানোর কথা উল্লেখ করে ইশরাক পোস্টে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।



















