আসিফ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রাখা হয়।
এই সমঝোতার মূল লক্ষ্য বাংলাদেশের অবকাঠামো, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়ন খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা।
ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, সমঝোতার আওতায় চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজবে। এ ক্ষেত্রে বিনিয়োগসংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় সহযোগিতা এবং সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করতে ইনভেস্ট বাংলাদেশ সহায়তা দেবে।
সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদের। অন্যদিকে চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করবেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন ও ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর ১১০ একর আয়তনের প্রস্তাবিত বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
এর আগে গত ২৫ জুন চীনের বেইজিংয়ে বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। মোংলা বন্দরের কাছাকাছি এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নেও চীনা প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা রয়েছে। মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। এতে চীনের ঋণ সহায়তা রয়েছে প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বিনিয়োগ সহযোগিতা বাড়ানো গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান ও আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। তবে এসব উদ্যোগের বাস্তব সুফল নির্ভর করবে প্রকল্প বাস্তবায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














