টিউবওয়েল বসাতে গিয়ে আগুন উখিয়ায়

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৭, ২০২৬

প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় টিউবওয়েল স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে গ্যাসের সন্ধান মিলেছে। গ্যাস বের হওয়ার পর আগুন জ্বলে উঠলে মঙ্গলবার সকালে ছোট ইনানী এলাকার একটি বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায়। স্থানীয় সূত্র জানায়, টিউবওয়েলের জন্য মাটি খোঁড়ার সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। আগুনের প্রবাহ বাড়তে থাকায় আশপাশের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন বলে জানিয়েছেন ইনানীতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে কর্মীদের পাঠিয়েছেন। সেখানে আগুন নেভানোর কাজ চলছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কী ধরনের গ্যাস বের হয়েছে এবং এর উৎস কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।