নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩০) মারা গেছেন। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা হয়।
মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় তাঁরা দুই রাউন্ড গুলিও ছোড়েন। হামলাকারীদের হাত থেকে পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা হবে।
শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা শাকিল হত্যার বিচার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।



















