অতিন বিশ্বাস:
রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে। একই সময় সাংবাদিক রাজীব ঘোষকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়নি; একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলামের বক্তব্য অনুযায়ী, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডেইলি স্টারও জানিয়েছে, মহাখালীর ডিবিসি কার্যালয় থেকেই তাঁদের নেওয়া হয়।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানিয়েছেন, ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা পরে জানতে পেরেছেন। তবে তাঁদের নেওয়ার কারণ সম্পর্কে তখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সাংবাদিক রাজীব ঘোষ ডিবিসি নিউজের ক্রাইম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। জিজ্ঞাসাবাদের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














