নিজস্ব প্রতিবেদক:
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক সম্পর্কে বিস্তারিত জানার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই-২০০৬ ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।
তাহসিফের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ময়নাতদন্তের আগে এ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। সবকিছু জেনে তারপর এ বিষয়ে কথা বলা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ বর্তমান পর্যায়ে এসেছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। পরে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


















