তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিহত তাহসিফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে দাবি করেছেন দীপ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাঁকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তাহসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন দীপ তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, তাহসিফ তাঁর সিনিয়র বড় ভাইয়ের মতো ছিলেন। বয়সের পার্থক্য থাকলেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তবে অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত বিচার এখনো সম্পন্ন হয়নি।

রিমান্ড আবেদনে হত্যার কারণ উদ্‌ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং ঘটনাস্থল নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া তাহসিফের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধারের জন্যও দীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানায় তদন্ত সংস্থা।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় বিষয় বিবেচনা করে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলাটি করা হয়। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।