অতিন বিশ্বাস:
এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। পরে সকাল ৯টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
মোংলা বন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে নেওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি, কনটেইনার ইয়ার্ড এবং পণ্য ওঠানামার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। প্রকল্পে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৪৭৫ কোটি টাকার কিছু বেশি এবং চীনের ঋণ সহায়তা প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা।
নতুন জেটি দুটি নির্মিত হলে বন্দরের কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পে বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার সুবিধা এবং আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচিও রয়েছে। এ সমঝোতার মাধ্যমে অবকাঠামো, শিল্প, জ্বালানি, লজিস্টিকস ও অন্যান্য খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটে যাবেন। সেখানে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।
এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর এটি মোংলা বন্দর এলাকায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর, দাকোপ ও সুন্দরবন এলাকা পরিদর্শন করেছিলেন।














