অতিন বিশ্বাস:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় মোংলা সফর। এ সফরে বন্দরের সক্ষমতা বাড়াতে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৪৭৫ কোটি টাকা এবং চীন ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে। প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দীর্ঘ কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড এবং বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার বিশেষ সুবিধা নির্মাণ করা হবে। এ ছাড়া নতুন ইয়ার্ডে যুক্ত হবে ৪৯টি সরঞ্জাম।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার ওঠানো-নামানো সম্ভব হবে। একই সঙ্গে বছরে চার লাখ টিইইউ কনটেইনার পরিচালনার সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের সম্ভাবনা তৈরি হবে। এতে দেশের বিভিন্ন ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে রেলপথে পণ্য এনে মোংলা বন্দরের মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়তে পারে।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে যাবেন। সেখানে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর খুলনায় গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে খুলনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রী মোংলা বন্দর ও সুন্দরবন এলাকা পরিদর্শন করেছিলেন। এবারের সফরকে কেন্দ্র করে বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














