অতিন বিশ্বাস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী-সমর্থকসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
মোনামীর অভিযোগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
যা পরবর্তীতে আলোচনার জন্ম দেয়। তার দাবি, সেই আলোচনার জেরেই তাঁকেও হয়রানির লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
তিনি জানান, বিষয়টি জানার পর একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন
এবং অভিযোগ প্রসঙ্গে নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।
মোনামীর দাবি, এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বারবার ট্যাগ করে নানা মন্তব্য ও টিপ্পনী ছোড়া হচ্ছে
এবং এর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থী জড়িত বলে তিনি অভিযোগ করেন।
নিজের পোস্টে মোনামী উল্লেখ করেন, রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা এবং অতীতে শিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করার কারণেই তাঁকে এখন নতুন করে হয়রানির শিকার করা হচ্ছে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, একটি ইস্যুকে ঘিরে সরাসরি বা ঘুরিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, যা একজন নারী শিক্ষককে হয়রানির শামিল।
এই অভিজ্ঞতার প্রেক্ষিতে শিক্ষকতা পেশা নিয়েও হতাশা প্রকাশ করেন মোনামী।
তিনি লেখেন, চাকরি ও জীবিকার প্রয়োজন না থাকলে এমন আচরণের শিকার হয়ে শিক্ষার্থীদের পড়ানো চালিয়ে যাওয়ার ইচ্ছা তাঁর থাকত না।
ভবিষ্যতে পেশা পরিবর্তনের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন তাঁর পোস্টে।
তবে মোনামীর এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।













