শেখ মুজিবের মরণোত্তর বিচার দাবি করলেন বিএনপি এমপি কয়ছর

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য

আহমেদ সিয়াম: 

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের জন্য শেখ মুজিবুর রহমানকে দায়ী করে তাঁর মরণোত্তর বিচার দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। তিনি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কয়ছর আহমদ। এর আগে সেখানে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

কয়ছর আহমদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ করেছিলেন একজন নেতা। কিন্তু স্বাধীনতার সংগ্রামের চূড়ান্ত সময়ে তিনি দেশ ছেড়ে চলে যান। এরপর পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষের ওপর গণহত্যা চালায়। ওই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবুর রহমানকে দায়ী করে বিএনপির এই নেতা বলেন, তাঁর মরণোত্তর বিচার হওয়া উচিত।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবারের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কয়ছর আহমদের ভাষ্য, দেশের সংকটের সময়ে তাঁরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৭৫ সালের অস্থির পরিস্থিতিতে সিপাহি-জনতা জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই সংসদ সদস্যের দাবি, স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। ১৯৭৫ ও ১৯৯০ সাল থেকে শুরু করে পরবর্তী দীর্ঘ ১৭ বছরও এ ধরনের ষড়যন্ত্র অব্যাহত ছিল। যখনই দেশবিরোধী চক্রান্ত হয়েছে, তখনই জিয়াউর রহমান, বিএনপি ও জিয়া পরিবার দেশের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রসঙ্গ তুলে কয়ছর আহমদ বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি থেমে থাকেননি; অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও নূর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।