স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) ক্যাডারভুক্ত করার প্রস্তাব প্রি-একনেক সভায় প্রাথমিক অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি পূরণে ক্যাডারভুক্তির প্রক্রিয়া এগিয়ে চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে প্রি-একনেক সভায় প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। সরকার দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।
নবনিযুক্ত প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর প্রকৌশলীদের অন্য ক্যাডারে চলে যাওয়ার পরিবর্তে নিজস্ব পেশায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেওয়া উচিত। প্রকৌশল খাতে মেধাভিত্তিক প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এলজিইডির চলমান ও ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলছে। আরও প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন থেকে চার বছর এসব প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে।
এসব অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রকৌশলীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের প্রভাব বা ব্যক্তিস্বার্থের সুযোগ দেওয়া যাবে না। জনগণের অর্থে নির্মিত সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো যেন দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণ মানুষ উপকৃত হয়, তা নিশ্চিত করতে হবে।
নির্মাণকাজের মানের বিষয়ে কোনো আপস না করার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে হবে।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করে তাঁরা দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছেন। এলজিইডির মাধ্যমে সরাসরি জনসেবা ও মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে। বর্তমান সরকার তরুণদের সক্ষমতাকে গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে নারী প্রকৌশলীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।














