‎শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হলে উপাচার্যকে বিতাড়িত করা হবে: শিবির সভাপতি

Jaya Sarkar

প্রকাশ :নভেম্বর ১০, ২০২৬

‎শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব হলে উপাচার্যকে বিতাড়িত করা হবে: শিবির সভাপতি

সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি:

‎‎শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করা হলে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, সাবেক ভিসি গোলাম সাব্বির সত্তারের যেমন শেষ রক্ষা হয়নি, নির্বাচন নিয়ে গড়িমসি করলে আপনারও শেষ রক্ষা হবে না।

‎‎আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। কর্মসূচিতে সংগঠনটি রাকসুর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি জানানো হয়। ‎‎মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘গত নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অন্যতম একটি ইশতেহার ছিল রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা। যাতে কোনো অপশক্তি নির্বাচন বন্ধ করতে না পারে। কিন্তু আমাদের নির্বাচিত নেতৃবৃন্দ বারবার ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানালেও প্রশাসন সেটি আমলে নেয়নি। নির্বাচন সংক্রান্ত যে কমিটি হয়েছিল সেটিও আলোর মুখ দেখেনি।'‎‎

তিনি বলেন, গত এক সপ্তাহ উপাচার্যের সঙ্গে নির্বাচন বিষয়ে সাক্ষাতের চেষ্টা করলেও আমাদের কোন সিডিউল দেয়া হচ্ছে না। উপাচার্যের অফিস থেকে বলা হচ্ছে তিনি ক্যাম্পাসে থাকবেন না, কিন্তু আমরা ঠিকই দেখছি তিনি অফিস করছেন। এর মধ্যে দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে প্রশাসনই রাকসু নির্বাচন চাচ্ছে না। এজন্য তারা ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি হতে ভয় পাচ্ছে।‎‎

সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, ‘১৯৯০ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে প্রশাসন রাকসু নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, যেটার পুনরাবৃত্তি বর্তমানে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানায়‎সামনে ভর্তি পরীক্ষা থাকায় তারা নির্বাচন দিতে পারবে না।অথচ রাকসু নির্বাচন দেওয়া নির্বাচন কমিশনের কাজ এবং ভর্তি পরীক্ষা দেওয়া ডিনস্ এর কাজ। তাই একই সাথে দুইটা কাজ চলমান না রাখতে পারলে বর্তমান প্রশাসনকে ব্যর্থ প্রশাসন এবং উপর মহলের ষড়যন্ত্রের শিকার বলা যায়।’‎‎

শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী পরিচালিত বিশ্ববিদ্যালগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন বাস্তবায়ন করতে পারলেও সিনেট কার্যকর করা হয় নি। সিনেট কার্যকর করতে পারলে কোনো সরকার বা দলের কাছে প্রশাসন যাবে না।

বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করতে সিনেট কার্যকরের কোনো বিকল্প নাই।’‎‎

এর আগে গত ২৫ অক্টোবর গত রাকসু বডির মেয়াদ শেষ হয়েছে। এর পর থেকেই রাকসু নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্রশিবির ও সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে গঠিত রাবি সংস্কার আন্দোলন নামক প্লাটফর্মকে সরব দেখা গেছে।‎‎