দণ্ডিত অবস্থায় পলাতক থাকায় শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও মন্তব্য করেছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতে, দণ্ডিত অবস্থায় বিদেশে পলাতক থাকা শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। রায়ের বিরুদ্ধে আপিলের সময়ও ইতোমধ্যে শেষ হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদে দণ্ডিত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বিধান নেই। তাই শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নতুন করে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই। একইভাবে তাঁকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়টিও বিচারপ্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলার সময় তিনি আদালতে হাজির হননি। রায় প্রকাশের পরও নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি। ফলে পরবর্তী সময়ে আপিল করার সুযোগও আর অবশিষ্ট নেই।
এদিকে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য চিঠি দিয়েছে বলে জানান তিনি। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দল বা নেতাকর্মীদের পক্ষ থেকে করা হয়নি। একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন আসার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।
শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথি তাঁদের কাছে নেই জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ভারত সরকার জানিয়েছে, মানবিক বিবেচনায় শেখ হাসিনার অনুরোধে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে যথাযথ প্রক্রিয়া।
শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে তিনি বিচার চলাকালে দেশে এসে মামলার মুখোমুখি হতেন। রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাঁর ছিল।
শেখ হাসিনার নামে প্রচারিত বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে প্রচারিত অডিও রেকর্ডিংগুলো তাঁর কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।














