তারেকের সরকার ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

আহমেদ সিয়াম: 

২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

তাঁর মতে, পরিবেশ সুরক্ষায় এসব উদ্যোগের কারণে তারেক রহমানের সরকার জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে পরিচিতি পেয়েছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী।

তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানো, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের কর্মকাণ্ডের ফলে তাপমাত্রা বাড়ছে, যা মানবজাতির অস্তিত্বের জন্য ঝুঁকি তৈরি করছে। এ বাস্তবতায় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সম্মেলনে যোগ দেবেন। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানোর পথ নিয়ে আলোচনা হবে। জলবায়ু বিশেষজ্ঞরাও তাঁদের মতামত তুলে ধরবেন। এসব আলোচনার মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে হবে। পৃথিবীর পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে কপ৩১ সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সোমবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, ১০ থেকে ১২ নভেম্বরের সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেসসচিব সালেহ শিবলী ও উপপ্রেসসচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রসচিব জানান, এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা এবং অভিন্ন স্বার্থের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠেয় বৈঠকগুলোতে কোনো নির্দিষ্ট প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।