মোহম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পেল বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান নিরাপদ সড়ক আন্দোলনের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল কর্তৃপক্ষ।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।
নিরাপদ সড়ক আন্দোলন, চট্টগ্রাম জেলার সার্বিক সহায়তায় মিরসরাইয়ের এক দুর্ঘটনা কবলিত পরিবারকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হন মিরসরাই থানার দক্ষিণ অলিনগর গ্রামের বাসিন্দা আবদুর রহমান।
তার অকাল মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়ে। বিষয়টি জানার পর নিরাপদ সড়ক আন্দোলন, চট্টগ্রাম জেলা বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পরিবারটিকে সহায়তা করে।
এরই ধারাবাহিকতায় বিআরটিএ, চট্টগ্রামের পক্ষ থেকে নিহত আবদুর রহমানের পরিবারের কাছে চেকের মাধ্যমে ৫ লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়।
অনুদানের চেক গ্রহণের সময় নিহতের স্ত্রী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন, চট্টগ্রাম জেলার আহ্বায়ক সালমান শামীম, যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়ে সালমান শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে
বা গুরুতর আহত হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএর কাছে নির্ধারিত ফরমে আবেদন করলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে।
কিন্তু অনেকেই এই বিষয়ে জানেন না।
তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তি কিংবা তার পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদনসহ এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে করা হবে।
আমরা চাই, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষ ও পরিবার যেন তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে জানতে পারেন এবং তা যথাযথভাবে পান।
নিরাপদ সড়ক আন্দোলনের সহায়তায় বিআরটিএর এই উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ ও
মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।













