সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকি বিবেচনায় যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
ইরানকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় যুক্তরাজ্যে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে নিজেদের কয়েকটি উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে জার্মানিসহ বিভিন্ন গন্তব্যে বিমানগুলো স্থানান্তর করা হয়। এসব বিমানের মধ্যে দুটি আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানগুলো সরানো হয়েছে। তবে ঘাঁটিতে নির্দিষ্ট কোনো হামলার হুমকি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঘাঁটিটি তাৎক্ষণিক কোনো হামলার ঝুঁকিতে রয়েছে, নাকি বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতির কারণে সতর্কতা নেওয়া হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।
অন্যদিকে মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সামরিক প্রয়োজন ও বিভিন্ন operational কারণে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে উড়োজাহাজ স্থানান্তর একটি স্বাভাবিক প্রক্রিয়া। খবর উইয়নের।
যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক স্থাপনা আরএএফ লেকেনহিথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মিলডেনহল ও লেকেনহিথ—উভয় ঘাঁটিতে নিরাপত্তা সতর্কতা বাড়িয়ে এফপিসিওএন চার্লি পর্যায়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়া গেলে এ ধরনের সতর্কতা জারি করা হয়।
গত মাসেও একই ধরনের আশঙ্কায় যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছিল। পেন্টাগনের ওই সিদ্ধান্তের পেছনে ড্রোনসহ বিভিন্ন মাধ্যমে মার্কিন সামরিক সদস্য ও উড়োজাহাজের ওপর হামলার আশঙ্কা কাজ করেছিল বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
ইরান এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দেশটির ওপর হামলা চালালে পাল্টা আঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সোমবার মার্কিন কংগ্রেসের আট শীর্ষ নেতার সমন্বয়ে গঠিত 'গ্যাং অব এইট'-এর ব্রিফিংয়েও এ ধরনের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেনাসদস্যদের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ কারণে ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা এখন তুলনামূলক কম।














