দুর্গাপূজায় বাংলাবান্ধা বন্দরে ৮ দিন বাণিজ্য বন্ধ

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বন্ধ চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূজা উপলক্ষে বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চিঠি পাওয়া গেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আট দিন বন্দরে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।

তিনি আরও জানান, নির্ধারিত ছুটি শেষে ২৫ অক্টোবর সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের অবহিত করা হয়েছে।

এদিকে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা আগের মতোই দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস জানান, আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত যাত্রী চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাংলাদেশ ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে বৈধ কাগজপত্র থাকা যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।