নিজস্ব প্রতিবেদক:
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২১৮ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০৪ টাকায়। নতুন প্রস্তাবে খোলা সয়াবিন তেলের দামও ১৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার কথা বলা হয়েছে।
পাশাপাশি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সরকার এখনো নতুন দাম কার্যকরের অনুমতি দেয়নি।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে মূল্যবৃদ্ধির প্রস্তাব জানায়। চিঠিতে ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকরের কথা বলা হয়েছিল।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি দেশে জ্বালানি ও পরিবহন খরচও বেড়েছে। এসব কারণে বর্তমান দামে তেল বিক্রি করে প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়ছে বলে দাবি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা চিঠিতে উল্লেখ করেন, গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন ভোজ্যতেলের দাম এক হাজার ৩০০ ডলার থেকে বেড়ে এক হাজার ৩২৫ ডলারে দাঁড়িয়েছে। উৎপাদন ও অন্যান্য ব্যয় হিসাব করলে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম প্রায় ২৩৩ টাকা হওয়া প্রয়োজন বলে সংগঠনটি মনে করে।
তেল কোম্পানিগুলোর ভাষ্য, গত ২ সেপ্টেম্বর সরকার মূল্য সমন্বয়ের সময় দ্রুত আবার দাম পর্যালোচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা না হওয়ায় বাড়তি ব্যয়ের চাপ নিয়েই সরবরাহ অব্যাহত রাখতে হচ্ছে।
দ্রুত দাম পুনর্নির্ধারণ না হলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে আসন্ন রমজানে তেলের সরবরাহ ও প্রাপ্যতা নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে তাদের দাবি।
সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়।
নতুন প্রস্তাব অনুমোদিত হলে বোতলজাত ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম বাড়বে। তবে বিষয়টি এখনো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














