১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ২, ২০২৬

আহমেদ সিয়াম:
দেশের বাজারে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা।

সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে সংস্থাটি। রাত আটটা থেকে বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে দেড় মাসের বেশি সময় ধরে বাজারে এলপিজির সরবরাহ ঘাটতি থাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। বর্তমানে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিতে হচ্ছে বলে জানা গেছে।

এলপিজি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে প্রায় এক কোটি গ্রাহক জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করেন। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় বাসাবাড়ির রান্নার কাজে। বাকি অংশ শিল্প ও পরিবহন খাতে ব্যবহৃত হয়। এ খাতের ৯৯ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে, যারা আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ করে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গত দুই মাসে এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমেনি। কিন্তু বাজারে সরবরাহ কমে গেছে। নতুন সিদ্ধান্তে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে নির্ধারিত দামে বাজারে গ্যাস পাওয়া যায় না বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। সরবরাহ সংকটের কথা বলে অনেক সময় বাড়তি দামে বিক্রি করা হলেও সেই দামেও সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়ে।