নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় অপূর্ব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং হামলাকারীদের অস্ত্র বহনের ব্যাগ তাঁর কাছে ছিল বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক আলিফ হত্যার মূল সন্দেহভাজন শুটারের ভাগনে অপূর্ব। ওই শুটারের ব্যবহৃত অস্ত্র তাঁর হেফাজতে রাখা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপূর্ব দিনের বেলায় আত্মগোপনে থাকতেন এবং রাতে চলাফেরা করতেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাতেও তিনি আসামি।
তদন্তসংশ্লিষ্ট পুলিশের দাবি, সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি পাঁচ থেকে ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর পেছনে অর্থদাতাসহ আরও বড় কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বিত দল অভিযান চালাচ্ছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুনজিয়া এলাকায় একটি দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।


















