নিজস্ব প্রতিবেদক:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তের স্বার্থে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। এর আগে তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকস নামের একটি খাবারের দোকানেও গিয়েছিলেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, একটি মোটরসাইকেল গ্যারেজে মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গেও দিশাকে দেখা গেছে। তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং তাঁর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্যও পাওয়া গেছে বলে দাবি তদন্ত কর্মকর্তার।
রোববার (১ নভেম্বর) টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই রাতে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের প্রয়োজনে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছিল।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে দীপের অবস্থান শনাক্ত হয়েছে। পরে তাঁরা টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি।
দীপ তদন্তকারীদের জানিয়েছেন, তাঁদের কয়েকজন ধাওয়া করছিলেন। এ সময় তিনি পালিয়ে যান এবং তাহসিফ নদীতে ঝাঁপ দেন। পিবিআইকে দেওয়া জবানবন্দিতে এমন দাবি করেছেন বলে সূত্র জানিয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে কয়েকটি অসংগতি পাওয়া গেছে। সেগুলো যাচাই করছেন তদন্তকারীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডে নিজের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরদিন রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে সেই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।


















