কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি ও অর্থপাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে বলে ইন্টারপোলের পাঠানো ই-মেইলের মাধ্যমে জানতে পেরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এসব মামলায় অর্থপাচারের অভিযোগও আনা হয়েছে।

দুদকের প্রথম মামলায় বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

অন্য মামলায় তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

দ্বিতীয় মামলায় তাহমিদা বেগম প্রধান আসামি। তাঁকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।