কক্সবাজারের রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, একই পরিবারের ৮

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে ইনানীর পাটোয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে এর মধ্যেই শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রিসোর্টের ভেতর থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঠের তৈরি রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। দাহ্য নির্মাণসামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে রিসোর্টে অবস্থানরত ব্যক্তিরা বিপদের মুখে পড়েন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগুনের সূত্রপাত, বিস্ফোরণ ও হতাহতের ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।