দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান: স্বাস্থ্যমন্ত্রী

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশ স্বাধীন হওয়ার পর এবারই শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার তামাকান্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্গোৎসব ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে উৎসব পালন করতে পারেন।

বিএনপিকে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। তাঁর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রেখে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। এতে বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরাও অংশ নেন।

মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত অর্থায়নে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপে অনুদান দেন। সংশ্লিষ্ট মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।