মাহমুদুর রহমান : সুফি সেন্টার প্রকাশিত খাজা ওসমান ফারুকী রচিত "সিররুল কুরআন (ভূমিকা পর্ব)" গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় যা উঠে এলো:
"সিররুল কুরআন: খাজা ওসমান ফারুকীর কুরআন-ভাবনা ও সুফি তাফসিরের বহুমাত্রিক দিগন্ত" শীর্ষক এই আলোচনা সভায় অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, কুরআনের আধ্যাত্মিক ও সুফিবাদী ব্যাখ্যা নিয়ে রচিত এই গ্রন্থটি পাঠকের কাছে কুরআন বোঝার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বক্তারা বলেন, ভূমিকা পর্ব দিয়ে সিররুল কুরআনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও ৬ খণ্ডের এই তাফসির গ্রন্থ ধাপে ধাপে প্রকাশিত হবে।
বিশেষ ঘোষণা: 'তুলু এ ইশক'
৯ সেপ্টেম্বর গ্রন্থলেখক খাজা ওসমান ফারুকীর জন্মদিন। অনুষ্ঠানে এ দিনকে 'তুলু এ ইশক' বা 'প্রেমের উদয়' হিসেবে ঘোষণা করা হয়।
একই সঙ্গে এই দিনেই প্রতিবছর এক এক খণ্ড করে পূর্ণাঙ্গ তাফসির প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপস্থিত ছিলেন যারা :
অনুষ্ঠানে বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ, গবেষক, লেখক, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।
এছাড়াও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণ ও সুফিভাব ধারার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুফি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে কুরআন গবেষণা ও আধ্যাত্মিক চর্চায় আগ্রহী বিপুল সংখ্যক পাঠক সমাগম ঘটে।













