শিশু অপ্রতিমে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০২৬

শিশু অপ্রতিমে হত্যার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নুরুল হক, কুবি প্রতিনিধি: জানাজা শেষে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অপ্রতিমের প্রথম জানাজা শেষে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বরোড অভিমুখে যাত্রা শুরু করেন তাঁরা, পরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পেয়েই তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় তাঁরা প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হলে তাঁরা কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করবেন, প্রয়োজনে পরে সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাকও দেওয়া হতে পারে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা জেলা প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা; ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা; শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা; এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লা প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।

বিক্ষোভে অংশ নেওয়া বাংলা বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশ প্রশাসনের তেমন কোনো তৎপরতা তাঁরা লক্ষ্য করেননি। তিনি বলেন, ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত পৌঁছাতে পারলেও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টদের উপস্থিতি না থাকাটা অত্যন্ত হতাশাজনক।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট এই পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সাধারণ শোক দিবস ঘোষণা করেছে, যার আওতায় এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, যা পরবর্তীতে নতুন সময়সূচি অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন...

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকা আলোচনা
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ