চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর লাভ লেন এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তজা খাঁন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ডকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিং মোতালেব, ওয়াহিদুল ইসলাম কার্জন, মো. দিদার হোসেন ইফতি, আব্দুল শুক্কুর, মোবারক হোসেন ও শাহ আজিজসহ থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং থানার আওতাধীন আটটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্যসচিব আইনুল ইসলাম জুয়েল।

বক্তারা বলেন, দেশে নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও ছাত্রলীগ বিভিন্ন স্থানে গোপনে সংগঠিত হয়ে মাঝেমধ্যেই ঝটিকা মিছিল ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম রুখতে সাংগঠনিকভাবে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা নেতাকর্মীদের প্রতি।

আরো পড়ুন...

লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্যবসায়ী-নাগরিকদের মানববন্ধন