প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকা আলোচনা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকা আলোচনা

জয়শ্রী রানী: দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে আবারও আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক গণমাধ্যম।

কূটনৈতিক সূত্র জানায়, সফরের জন্য সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে আগামী নভেম্বরের দ্বিতীয়ার্ধকে, যদিও কোনো কোনো প্রতিবেদনে নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিকের কথাও উল্লেখ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তাঁকে একক দ্বিপক্ষীয় সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। তবে পরবর্তীতে আগস্ট মাসে ব্রিকস আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণেও তিনি সাড়া দেননি, ফলে সেই সফর আর হয়ে ওঠেনি।

এই প্রেক্ষাপটে সফর চূড়ান্ত করতে দুই দেশের কর্মকর্তারা নতুন করে আলোচনায় বসেছেন। ভারতের ঢাকাস্থ হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ বিষয়ে ঢাকা ও দিল্লি উভয় প্রান্তেই আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে। দুই দেশ এমন একটি নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করার চেষ্টা করছে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সম্ভাব্য এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিকীকরণ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যে দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়েছিল, এই সফরের মধ্য দিয়ে তা কাটিয়ে ওঠার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে।

তবে সফরের দিনক্ষণ ও চূড়ান্ত আলোচ্যসূচি নির্ধারণের প্রক্রিয়া এখনো চলমান থাকায়, আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

আরো পড়ুন...

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ