ছাত্র, শিশু ও শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনার দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করা লজ্জাহীনতার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। তাঁর প্রশ্ন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’
বিএনপির এই নেতা বলেন, ন্যূনতম লজ্জাবোধ থাকলে ছাত্র, শিশু ও শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা শেখ হাসিনা করতে পারতেন না।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। তাঁর অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এসব হামলায় তরুণ ও শিশুরা প্রাণ হারান। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।














