শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলার অভিযোগ

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ১০, ২০২৬

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম

আহমেদ সিয়াম: 

এক তরুণীসহ রিসোর্টে অবস্থানকালে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার সকালে অটোরিকশায় যাওয়ার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে একটি রিসোর্টের পথে অটোরিকশায় যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর আক্রমণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসিব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের একজন সমন্বয়কও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিবকে ঘিরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসছেন। পরিস্থিতি থেকে বাঁচতে একপর্যায়ে তাঁকে দৌড়ে পালাতে দেখা যায়।

হাসিবের সঙ্গে থাকা তরুণীকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানিয়েছেন, ওই তরুণীসহ হাসিব স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে কক্ষ বুকিং করেছিলেন।

রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর তাঁরা রিসোর্টের ১১৮ নম্বর 'অগ্নিবীণা' কক্ষে ওঠেন। মঙ্গলবার তাঁদের চেক-আউট করার কথা ছিল। এর আগেই সকালে হামলার ঘটনা ঘটে।

হামলার পর হাসিব আত্মরক্ষার জন্য আত্মগোপনে যান বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিবের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেন জাহিদ।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।