দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শক্তির তাণ্ডব থামবে না।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে আগুন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন।
গোলাম পরওয়ার বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে এবং বাসসহ গণপরিবহনে আগুন দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। এসব কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি জানান, গত কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণপরিবহনের পাশাপাশি সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনাও এসব হামলার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় অবরোধ ও বিস্ফোরণ, টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক বাসচালকের প্রাণহানি হয়েছে। এসব সহিংসতা তাঁকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। জুলাই সনদ কার্যকর না করা, গণভোটের রায় বাস্তবায়নে অগ্রগতি না থাকা এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবারও সহিংসতার সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিস্ময়কর নিষ্ক্রিয়তা বা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ারের ভাষ্য, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশের স্থিতিশীলতা বজায় রাখা সরকারের দায়িত্ব। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সমালোচনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার প্রস্তাবও দিয়েছে। তবে বিএনপি সরকার সেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা সরকারের দায়িত্বহীনতারই প্রকাশ বলে মন্তব্য করেন জামায়াত নেতা।
বিবৃতিতে তিনি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান। এসব কর্মকাণ্ড বন্ধে সরকার ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তিনি।
ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আনার দাবি জানান গোলাম পরওয়ার। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও জানান তিনি। তাঁর মতে, এমন কর্মসূচি সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। এ ছাড়া সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।














