রাজশাহীতে বিমানবন্দরের সামনে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে মূল ফটকের পরিবর্তে পেছনের প্রবেশপথ দিয়ে বের করে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের অংশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।
মন্ত্রী ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রাজশাহী এসেছিলেন। বিমানবন্দরে বস্তু দুটি পাওয়ার খবর পেয়ে নিরাপত্তার স্বার্থে তাকে বিকল্প পথ ব্যবহার করে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর এলাকা থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














