ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৫, ২০২৬

ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

আহমেদ সিয়াম:

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো একের পর এক বোমা হামলার হুমকি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আসা এসব হুমকির পর কয়েকটি উড়োজাহাজকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। কয়েকটি ফ্লাইটকে নিরাপত্তা পাহারাও দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হুমকির সত্যতা মেলেনি। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কোনো দেশই এখন পর্যন্ত এসব হুমকির জন্য কাউকে দায়ী করেনি। তবে ইউরোপীয় কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। মস্কো ও তেহরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাসের ফ্লাইট ইআই৪০২ নিরাপত্তা সতর্কতার কারণে গতিপথ পরিবর্তন করে প্যারিসের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে এভরু বিমানবন্দরে অবতরণ করে। বিমান সংস্থাটি জানিয়েছে, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। বুলগেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বোমার হুমকির কারণে দেশটিতে তিনটি উড়োজাহাজ জরুরি অবতরণ করে। কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি ফ্লাইট সোফিয়ায় এবং লন্ডন থেকে আসা আরেকটি ফ্লাইট প্লভদিভে অবতরণ করে।

চেক পুলিশ জানিয়েছে, প্রাগগামী চারটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। তবে প্রাথমিক মূল্যায়নে হুমকিগুলোকে কম বিশ্বাসযোগ্য বলে মনে করছে তারা। অন্যদিকে, হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির বিমানবাহিনী নিরাপদে অবতরণে সহায়তা করে। একই শহর থেকে ভিয়েনাগামী ফিনএয়ারের আরেকটি ফ্লাইট স্বাভাবিকভাবেই গন্তব্যে পৌঁছায়।

পোল্যান্ডের বিমান সংস্থা লট জানিয়েছে, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী তাদের একটি ফ্লাইট নিরাপত্তা সতর্কতার পর নিরাপদে অবতরণ করেছে। উড়োজাহাজটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে প্যারিসগামী আরেকটি ফ্লাইট উড্ডয়নের আগে থামিয়ে যাত্রীদের অন্য উড়োজাহাজে নেওয়া হয়। ইতালির গণমাধ্যম জানিয়েছে, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটও হুমকির কারণে ভিয়েনায় অবতরণ করে।

এর আগে মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এতে বিমানবন্দরগুলোর কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে। তবে কোথাও বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।

এদিকে, ইউরোপের কয়েকটি দেশের সুপারমার্কেটে থাকা ফ্রিজ অজ্ঞাতপরিচয় হ্যাকারদের সাইবার হামলায় অচল হয়ে পড়ার খবরও পাওয়া গেছে। কিছু বিশেষজ্ঞের ধারণা, বিমানগুলোতে ভুয়া বোমা হামলার হুমকি এবং সুপারমার্কেটের ফ্রিজ অচল হওয়ার ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র থাকতে পারে। বিমান চলাচলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইভিয়েশনের প্রধান নির্বাহী এলিরান আলমগের মতে, এ ধরনের হুমকির উদ্দেশ্য হতে পারে বিমান চলাচল ব্যাহত করা এবং জরুরি পরিস্থিতিতে বিমান সংস্থা ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া যাচাই করা। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ সেবা খাতে এমন বিঘ্ন অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনসাধারণের আস্থাও দুর্বল করতে পারে।