হাসিনাকে ফেরাতে পাসপোর্ট লাগবে না: হুমায়ুন কবির

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৫, ২০২৬

আহমেদ সিয়াম: 
শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি অনুসারেই তাঁকে হস্তান্তরের দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সফর শেষে তাঁকে বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় পাসপোর্টের প্রসঙ্গ এলে সেটিকে হাস্যকর বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, শেখ হাসিনা পলাতক সন্ত্রাসী। তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে তাঁকে আনতে হবে।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশ অনুরোধ জানাচ্ছে। এ ক্ষেত্রে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের বিষয়টি প্রাসঙ্গিক নয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা একাধিকবার নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশের এসব অনুরোধের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।