আহমেদ সিয়াম:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ডিবির একটি দল তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ডিবির এই কর্মকর্তা।
তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা রয়েছে কি না, কিংবা কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়েও স্পষ্ট করেননি তিনি।
ডিবি হেফাজতে নেওয়ার পর ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যে জানা গেছে।



















