শ্রমিক আন্দোলনে মিরপুরে গ্রেপ্তার ২৯

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ২, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি ভেস্টে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার সামনের সড়কে শ্রমিকরা জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের ধাওয়ায় শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। একই দিন মিরপুর-১১ নম্বর এলাকা থেকেও একজনকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো তৃতীয় পক্ষ যাতে নাশকতা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এ জন্য এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মিরপুর বিভাগ থেকে ২৯ জনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এর মধ্যে রোববার শ্রম মন্ত্রণালয় ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয়।