৩০ হাজার টাকা বেতন বেতন চায় পোশাক শ্রমিকরা

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিয়ে গোলচত্বরে জড়ো হন। পরে তাঁরা গোলচত্বর ঘিরে থাকা সড়কগুলো অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টা থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীরা কোন কোন কারখানার শ্রমিক, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, শ্রমিকেরা মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে জানানো হয়েছে, শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ওই পথে চলাচলকারীদের জরুরি প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।