আহমেদ সিয়াম: সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। গত চার দিনে ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিটের ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি সৌদিগামী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিটের ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বেবিচকের মুখপাত্র জানান, সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এতে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
একসঙ্গে এত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন কর্মসংস্থান, ওমরাহ ও অন্যান্য প্রয়োজনে সৌদি আরব যেতে চাওয়া যাত্রীরা। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকায় তাঁদের যাত্রার পরিকল্পনাও ব্যাহত হচ্ছে।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।

















