আহমেদ সিয়াম:
শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব অপচেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের ব্যয় বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় সরকার মজুরি কমিশন গঠন করেছে। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পর্যালোচনা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, নিয়ম অনুযায়ী ২০২৬ সালে নতুন কমিশন গঠনের প্রয়োজন ছিল না। তারপরও শ্রমিকদের স্বার্থে সরকার এ উদ্যোগ নিয়েছে।
আন্দোলনে সহিংসতার পেছনে প্রকৃত শ্রমিকদের বাইরে অন্যদের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ওপার থেকে ইন্ধনের কথা জানিয়েছেন। আওয়ামী লীগের হাতে থাকা অর্থ ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তবে এসব ঘটনার সঙ্গে ডিসেম্বরের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি।
সরকার আন্দোলন দমনে আগের মতো কঠোর বলপ্রয়োগের পথে যেতে চায় না জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতির অবসান হবে বলে আশা তাঁর।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, তাঁকে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান স্পষ্ট। তবে পাসপোর্ট-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগের বিষয়ে উপদেষ্টা বলেন, বাহিনীকে আইন মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থা নিতে হবে। অতীতে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে প্রবণতা ছিল, তা পরিহার করে যত কম ক্ষয়ক্ষতি হয়, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।














