মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর বিজয় চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াসের (২৫)।
আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আকবরশাহ থানা পুলিশের একটি দল বায়েজিদ লিংক রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৮,২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।













