মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উজ্জ্বল ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করতে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আনোয়ারা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ‘মমতাজ কনভেনশন হল’ এ জাঁকজমকপূর্ণ এ আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর জেনারেল সেক্রেটারি এস এম ফরহাদ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সভাপতি ফরমানুর রহমান জাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন, "আজকের এই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কর্ণধার।
শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেম নিয়েই একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
ছাত্রশিবির সবসময় মেধাবীদের পাশে আছে এবং থাকবে।"
প্রধান আলোচক ফরমানুর রহমান জাহিন বলেন, "আনোয়ারার মেধাবী সন্তানদের এই অর্জন আমাদের গর্বের।
তাদের এই সাফল্যকে ধরে রেখে উচ্চ শিক্ষায় আরও ভালো ফল করার জন্য এখনই পরিকল্পনা করতে হবে।"
বিশেষ অতিথি মোঃ আবুল হাসান শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সন্তানদের পেছনে আপনাদের ত্যাগের ফসলই আজকের এই সাফল্য।"
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এমন আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।
দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উল্লেখ্য, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা
এবং তাদের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা।













