সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীকে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ২৪, ২০২৬

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীকে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ

অতিন বিশ্বাস: যুক্তরাজ্যপ্রবাসী সুপান্ত রায় দেশে আসার পর সিলেট নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২৩ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নগরীর আলমপুর থেকে উপশহর এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার প্রাণনাশের আশঙ্কা করছেন।

সুপান্ত রায়ের ভাষ্য অনুযায়ী, আলমপুর থেকে উপশহর এলাকায় যাওয়ার সময় একটি গলিতে হঠাৎ তিনজন মধ্যবয়সী ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁরা প্রথমে তাঁর নাম-পরিচয় জানতে চান।

এরপর ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁদের একজন ছুরি বের করে তাঁর বুকে  ও হাতে আঘাত করেন।

আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়ে সুপান্ত রায় সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রধান সড়কে ওঠেন। প

রে স্থানীয় কয়েকজনের সহায়তায় একটি মেডিকেল ক্লিনিকে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

এদিকে, সুপান্ত রায়ের স্ত্রী বিদ্যাপতি রায় চৌধুরী অভিযোগ করেছেন, দেশে আসার আগ থেকেই তাঁদের কাছে ই-মেইলের মাধ্যমে একাধিক হুমকিসূচক বার্তা আসছিল।

তিনি বলেন, শুরুতে তাঁরা বিষয়গুলোকে গুরুত্ব দেননি। কিন্তু ছুরিকাঘাতের ঘটনার পর আগের বার্তাগুলো নিয়ে তাঁদের উদ্বেগ আরও বেড়েছে।

বিদ্যাপতি রায় চৌধুরীর দাবি, ওই বার্তাগুলোতে তাঁদের ধর্মীয় পরিচয় ও বিবাহ নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়।

একই সঙ্গে দেশে এলে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের মেয়েকেও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

তবে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সঙ্গে আগের হুমকির কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।

বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শাহপরান থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

একই সঙ্গে হুমকির বার্তাগুলোর বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর সুপান্ত রায় ও তাঁর পরিবারের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন…..

হাল্যান্ডের চুলের নতুন কাট ভাইরাল