জাতীয় ডেস্ক: সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা।
রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ডেঙ্গু পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা বাস্তাবায়নে ইতোমধ্যে দেশের সকল সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপন পাঠানো শুরু হয়েছে।
সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুবিধা দিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালের বহির্বিভাগে যোগাযোগ করে এই সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়/

















