আহমেদ সিয়াম:
৭ নভেম্বরের ঘটনা না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকত না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে টিএসসিতে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
উপাচার্য বলেন, ‘৭ নভেম্বর না ঘটলে বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা থাকত না। সার্বভৌমত্ব থাকত না। একই সঙ্গে হয়তো অন্যের প্রদেশ বা অন্য কোনো দেশের অংশ হিসেবে আমাদের পরিচিত হতে হতো।’
১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে দেশি-বিদেশি আধিপত্যবাদ, পাল্টাপাল্টি অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ গভীর সংকটে পড়েছিল। তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে উঠেছিল।
অধ্যাপক ওবায়দুল ইসলামের ভাষ্য, সে সময় তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। পরে সিপাহি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন এবং জাতির প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্বে বসান।
তিনি বলেন, ৭ নভেম্বর ছিল সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির দিন। এ ঘটনাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও উল্লেখ করেন তিনি।
জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে উপাচার্য বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে যায়। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে।
জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টিতেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম। বক্তব্যের শেষ পর্যায়ে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।














