রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি একটি গভীর রাজনৈতিক ইস্যু বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এ সংকটের সমাধানে জাতীয় ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সমাজের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার ‘হোল অব গভর্নমেন্ট’ পদ্ধতি গ্রহণ করেছে। রাখাইনের বর্তমান রাজনৈতিক ও ভূখণ্ডগত বাস্তবতা বিবেচনায় মিয়ানমার কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির সঙ্গেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে। এ প্রক্রিয়ায় চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোকেও সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে রাজনৈতিক ঐকমত্য গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি কাজ করছে।
দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে কক্সবাজারসহ আশপাশের স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সীমান্তে মাদক ও মানবপাচার, শিবিরের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরোধ এবং বাংলাদেশি জেলেদের আটকের মতো ঘটনা সংকটটিকে জাতীয় নিরাপত্তার উদ্বেগে পরিণত করেছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবছর তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে পর্যাপ্ত অর্থায়নের অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও নতুন শরণার্থী সংকটের মধ্যে আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুকে সচল ও অগ্রাধিকারভুক্ত রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান শামা ওবায়েদ।
















