নীলফামারীতে নানা আয়োজনে লালনের তিরোধান দিবস

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে লালনের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সোহায়েল পারভেজ এবং জেলা কালচারাল অফিসার নুসরাত তাবাসসুম রিমুসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, লালন সাঁই তাঁর গান ও দর্শনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তাঁরা আরও বলেন, লালনের চিন্তাধারা কেবল বাউলসংগীতের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজে বিভেদ দূর করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও তাঁর দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের কাছে লালনের জীবন ও দর্শন তুলে ধরার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় লালন সাঁইয়ের তিরোধান দিবসের কর্মসূচি।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।