১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৫, ২০২৬

আহমেদ সিয়াম:
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কপ-৩১ সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ খাতে অর্থায়নের দাবি তুলে ধরবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ দাবি আদায়ে বিভিন্ন দেশের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।