আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে সৌদি নিরাপত্তা বাহিনী। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে বুধবার তাঁদের দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় দেশটির আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।













