২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন অংশ নিতে পারবেন। আগের বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা ৫ হাজার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।
আগামী বছরের হজ আয়োজন নিয়ে সোমবার (৯ নভেম্বর) জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে হজের জন্য বরাদ্দ বাড়ানোর আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি সরকার ৫ হাজার অতিরিক্ত হজযাত্রীর অনুমোদন দেয়। ফলে চলতি বছরের ৭৮ হাজার ৫০০ জনের কোটা বেড়ে আগামী বছর ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে।
চুক্তি শেষে ধর্মমন্ত্রী বলেন, মিনায় তাঁবুর জায়গা ও ধারণক্ষমতা সীমিত হওয়ায় হজের কোটা বাড়ানোর সুযোগ সব সময় থাকে না। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা ব্যবহার করতে না পারলে কিংবা বরাদ্দ বাতিল হলে, সেই সুযোগ বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে সৌদি আরব।
বাংলাদেশের হজযাত্রীদের সেবায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, হজযাত্রীদের সেবার মান উন্নত করা এবং পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।














